পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: ভারতের প্রথম শীর্ষ ১০০ কলেজগুলির মধ্যে
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়
(স্বায়ত্তশাসিত) একটি। সেই সঙ্গেই এনএএসি দ্বারা ‘এ’ গ্রেডে স্বীকৃত মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়ের ‘স্বায়ত্তশাসিত’ মর্যাদা পাওয়ার পর আজ প্রথম সমাবর্তন অনুষ্ঠান পালিত হয় কলেজের বিধান চন্দ্র রায় মেমোরিয়াল হলে। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতীম বসু, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব নারায়ণ বন্দোপাধ্যায়, সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ ড: জয়শ্রী লাহা।
আজকের এই সমাবর্তন অনুষ্ঠান থেকে ২০১৯-২০ এবং ২০২০-২১ বর্ষের মোট ১১৭৬ জন ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয়। বিভিন্ন স্মৃতি পুরস্কার দেওয়া হয় ৪৯ জন ছাত্রীকে। বিভিন্ন বিষয়ে মাষ্টার ডিগ্ৰি এবং ব্যাচেলার ডিগ্ৰি, কৃতিত্বের জন্য স্বর্ণ পদক এবং রৌপ্য পদক দেওয়া হয় ৬৭ জন ছাত্রীকে।

১৯৫৭ সালের ২২ আগস্ট আজকের দিনে কলেজ প্রতিষ্ঠিত হয়। আগে কলকাতা বিশ্ববিদ্যালয় পরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন। প্রতিষ্ঠা দিবসের দিনেই সমাবর্তন। ১৯৫৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম সমাবর্তন উৎসব পালন হল। প্রথমে এই বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল পরবর্তীকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে যায়। ২০১৮ সালে স্বায়ত্ত শাসন পাওয়ার পর আজ কলেজের প্রতিষ্ঠা দিবসে প্রথম সমাবর্তন হল।


