আমাদের ভারত, ৩০ মার্চ: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া পদ্ম শিবির। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী কে হবেন? পদ্মশিবির মোদীকে সামনে রেখেই নির্বাচনে ময়দানে নামলেও দু’দিন আগেই শুভেন্দুর একটি ভিডিও সামনে আসে তাতে তাকে বলতে শোনা যায় বাংলায় বিজেপির সরকার চালাবেন তিনি আর দিলীপ ঘোষ। (যদিও ভিডিও সত্যতা যাচাই হয়নি)। কিন্তু এই প্রসঙ্গে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জল্পনার পারদ আরো চড়ালেন। তিনি বলেছেন, “বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবে তার কোনো মানে নেই।” অর্থাৎ জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোন নেতাকেও মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করতে পারে বিজেপি।
Not necessary that sitting MLA will become CM when BJP wins in West Bengal, says state party chief Dilip Ghosh
— Press Trust of India (@PTI_News) March 30, 2021
তাহলে সেক্ষেত্রে কি দিলীপ ঘোষই সেই পদের দাবিদার নাকি অন্য কোনো সাংসদ? যদিও এই নিয়ে মুখ খোলেননি বঙ্গ বিজেপির সেনাপতি।
প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা বারবারই বলেছেন, ভূমিপুত্রই হবে বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলে তাকে নিয়ে জল্পনা শুরু হয়। আবার ব্রিগেডের ময়দানে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে আসতে দেখে তাকে ঘিরে কানাঘুষো শোনা যায়।
অন্যদিকে খড়গপুরে এসে বঙ্গ বিজেপির সেনাপতি হিসেবে দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি বলেছেন দিলীপ ঘোষের মতো নেতৃত্বের জন্যই বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসছে। ২০১৬ সালে খড়গপুর থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন তিনি। দল ও সাফল্য পেয়েছে। বাংলার ১৮টি আসন দখল করেছে বিজেপি। আর এই সাফল্যের জন্য দিলীপ ঘোষকে আবারও বিজেপি রাজ্য সভাপতি হিসেবে বেছে নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব বলে মনে করা হয়।
তাহলে কি তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? নাকি আরো অন্য কোনো সাংসদ। কারণ বিজেপি যেমন বেশ কয়েকজন সাংসদকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছেন তেমনি বেশ কয়েকজনকে প্রার্থী করেওনি। ফলে ক্ষমতায় এলে বাংলার রাজপাট কার হাতে তুলে দেবে পদ্মশিবির দিলীপের এই মন্তব্যে তা নিয়ে জল্পনা আরও একধাপ বাড়লো বলা যেতে পারে।

