বনগাঁয় ডঙ্কা, কাঁসর নিয়ে বিশাল জনস্রোতের মধ্যে দিয়ে বর্ণাঢ্য যাত্রা করে এসে মনোনয়ন পত্র দাখিল বিজেপির ৪ প্রার্থীর

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল: ডঙ্কা, কাঁসরের শব্দে আকাশ বাতাস মুখরিত করে মনোনয়ন পত্র জমা দিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চার বিজেপি প্রার্থী। শহরের তিন দিক থেকে আলাদা আলাদাভাবে মিছিল এসে মিলিত হয় বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে সামনে। তারপর সেখান থেকে মনোনয়নপত্র জমা দিতে যান চার প্রার্থী। বনগাঁ মহকুমার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে বিশ্বজিৎ দাস, অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুর। দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন চার প্রার্থী একই সঙ্গে মনোনয়নপত্র জমা দেন।

বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার চাকদা রোড ধরে আসেন। তাঁর অনুগামী এবং দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চাকদা বনগাঁ সড়ক ধরে বনগাঁ শহরে প্রবেশ করেন। সেখান থেকে হাজির হন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে।

অন্যদিকে, বাগদা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস তাঁর অনুগামী এবং দলের নেতা কর্মীদের নিয়ে বাগদা রোড ধরে বনগাঁ শহরে প্রবেশ করেন। সেখান থেকে হাজির হন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে। এর পাশাপাশি বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী অশোক কীর্তনীয়া এবং গাইঘাটার প্রার্থী সুব্রত ঠাকুর একত্রিত হন বনগাঁর এক নম্বর রেলগেট চত্বরে। সেখান থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে আসেন। এই মিছিলে নেতৃত্ব দেন বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল।

দেবদাস মন্ডল এদিন অভিযোগ করেন যে, তাঁদের এই মিছিল যশোর রোড ধরে বাটা মোড়, রাখালদাস সেতু, মতিগঞ্জ হয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার কথা থাকলেও পুলিশ তাদের মিছিল বাটা মোড়ে আটকে কোর্ট রোড দিয়ে ঘুরিয়ে মহকুমা শাসকের দপ্তরে আসতে বাধ্য করে। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নেতৃত্বে এদিন প্রচুর মতুয়া ভক্ত এই মিছিলে ডঙ্কা নিয়ে হাজির হন। তাঁদের ডঙ্কার আওয়াজে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে বনগাঁ শহরের। বণ্যাঢ্য মিছিল দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে এদিন বিজেপির বিশাল জনস্রোত তৈরি হয়। বিজেপির এই জনস্রোত দেখে ইতিমধ্যেই সাধারণ মানুষ বলতে শুরু করেছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। বনগাঁ মহকুমার ৪ বিজেপি প্রার্থীই যে জয়ী হচ্ছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *