সাথী দাস, পুরুলিয়া, ১৬ মে: পুরুলিয়া: আচমকা সশব্দে ফাটল রাস্তা, বাড়ির দেওয়াল। আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেড়িয়ে পড়লেন কয়লাঞ্চল নিতুড়িয়ার পারবেলিয়া কোলিয়ারির নিউ কলোনী এলাকার বাসিন্দারা। মাটির নীচ থেকে উঠে আসা বিকট শব্দে তড়িঘড়ি আতঙ্কিত গ্রামবাসীরা বাড়ি থেকে বেড়িয়ে ফাঁকা মাঠের মধ্যে জমায়েত হন। এরপরেই তাঁরা কোলিয়ারির কেন্দ্রীয় কমিটির সম্পাদক হরিরাম সিং’কে এ বিষয়ে জানান।

ঘটনাস্থলে হরিরামবাবু এসে গ্রামের রাস্তাঘাটের মধ্যে ফাটল দেখতে পান। এলাকার বেশ কয়েকটি বাড়ির দেওয়াল এবং চৌবাচ্চার মধ্যেও ফাটল লক্ষ্য করেন। তিনি জানান, “পারবেলিয়া কোলিয়ারির মাটির নীচ থেকে কয়লা খনন করার সময় এক বিশাল শব্দে আতঙ্কিত হন গ্রামবাসীরা। গ্রাম এলাকার রাস্তা এবং বেশ কয়েকটি বাড়ির দেওয়াল ও চৌবাচ্চা এই কারণে ফেটে যায়। আমি কোলিয়ারির জেনারেল ম্যানেজার এবং নিতুড়িয়া থানা কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাই।” তড়িঘড়ি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। আতঙ্কিত গ্রামবাসীদের বেশ কয়েকদিনের জন্য নিরাপদ স্থানে স্থানান্তরিত করার কথাও তিনি বলেন।

সঠিক তদন্তের পর গ্রামবাসীরা বাড়িতে ফিরতে পারবেন বলে পারবেলিয়া কোলিয়ারি ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়।


