স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৭ জুন:
দেশ জুড়ে কোরোনা বিধি লাগু হওয়ার ফলে বন্ধ ছিল বিভিন্ন পুজো অনুষ্ঠান। দুর্গা পুজাতেও বাধা হয়ে দাড়িয়েছিল কোরোনার বিধিনিষেধ। হাইকোর্ট অবধি গড়িয়েছিল জল, যার ফলে অনেক বিধিনিষেধ মেনে করতে হয়েছে দুর্গাপূজা থেকে শুরু করে সমস্ত পুজো। এবারও পরিস্থিতি বদলায়নি।
সাধারণত এই সময় থেকেই দুর্গা প্রতিমা তৈরির বরাত দেওয়া হয়, কিন্তু এখনও সেই বরাত পাননি কোনো মৃৎশিল্পী। নবদ্বীপের একাধিক জায়গায় এখনও কোনও পালপাড়ায় দেখা নেই দুর্গা প্রতিমার। মৃৎশিল্পীরা আশায় দিন গুনছে যেদিন কোরোনার প্রকোপ শেষ হবে সেদিন হয়তো আবার লাভ দেখবেন।

নবদ্বীপের এক মৃৎ শিল্পী জানালেন, অনেক আশা নিয়ে তিনি প্রতিমা তৈরি করার যাবতীয় সরজ্ঞাম কিনে রেখেছেন, কিন্তু এখনও যদি এই রকম লকডাউন পরিস্থিতি থাকে তবে আবার হয়তো লোকসানে পড়তে হবে তাদের।
শিল্পীদের একাংশের বক্তব্য, সরকার যদি তাদের দিকে কোনো রকম ভাবে না তাকায় বা তাদের কোনো রকম সাহায্য না করে তা হলে বেঁচে থাকাই অসম্ভব হবে।

