আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ জানুয়ারি: জলপাইগুড়ি শহরে টোটোর লাগাম টানতে সক্রিয় হল পুর কর্তৃপক্ষ। পুর এলাকা ও শহরতলীর চারটি গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার টোটো চালককে বার কোড যুক্ত আই কার্ড প্রদান করার প্রক্রিয়া শুরু করল পুর কর্তৃপক্ষ।
সোমবার পুরসভা, ট্র্যাফিক পুলিশ ও টোটো চালক সংগঠনের উপস্থিতিতে টোটো চালকদের একাংশকে বার কোড যুক্ত আই কার্ড দিল পুর কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সন্দীপ মাহাতো, ট্র্যাফিক ওসি বাপ্পা সাহা অন্যদিকে আইএনটিটিইউ টোটো সংগঠনের সভাপতি পূর্ণব্রত মিত্র, সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সম্পাদক শুভাশিষ সরকার।
এর আগেও টোটোর আই কার্ড দেওয়া হয়েছিল। সেই কার্ড নকল করার অভিযোগ উঠলে পুরোনো আই কার্ড বাতিল করে বার কোড যুক্ত আই কার্ড বিলি করার পথে হাঁটল পুর কর্তৃপক্ষ। পুরসভার দাবি, বার কোড থাকায় এই কার্ড নকল কেউ করতে পারবে না। নকল করলে ধরা পড়বে। জলপাইগুড়ি পুর এলাকার পাশাপাশি পাহাড়পুর, অরবিন্দ, পাতকাটা ও খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এরকম টোটো চালকদের কার্ড দেওয়া হবে বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।
তিনি বলেন, “টোটো কিনে ব্যবসা করা যাবে না। টোটোর মালিক কিংবা রক্তের সম্পর্ক রয়েছে এরকম চালককে দেওয়া হবে কার্ড। বাইরের টোটো শহরে চললে ট্র্যাফিক পুলিশ কড়া পদক্ষেপ করবে।”

পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “পুরসভা আশ্বাস দিয়েছিল বার কোড যুক্ত আই কার্ড তুলে দেবে। আজকে কার্ড তুলে দেওয়া হল বার কোড যুক্ত নকল রুখতে। ধাপে ধাপে এই কার্ড বিলি করা হবে পুরসভা থেকে।”

