আনিসকান্ডে মুখর নেটানাগরিকরা, পুলিশমন্ত্রী ও হাওড়ার এসপির শাস্তি দাবি

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: আনিসকান্ডে বাড়ছে জনরোষ। পুলিশ মন্ত্রী, হাওড়ার এসপির শাস্তির দাবিতে মুখর হয়ে উঠছেন নেটানাগরিকরা।

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত বুধবার ফেসবুকে লিখেছেন, “সিভিক পুলিশের নামে গোটা রাজ্যের তৃণমূল গুন্ডাদের উর্দি পরিয়ে রাস্তায় ছাড়া হয়েছে মাস্তানির জন্য! এই মাস্তানরাই খুন করেছে আনিসকে!”

ঋতম মিত্র ভিডিও ভাগ করেছেন অনীকবাবু। রিজওয়ানুর কান্ডের পর মমতা ব্যানার্জির সিবিআই তদন্তের দাবি নিয়ে ওই ভিডিও। তাতে লেখা— “ফ্ল্যাশবাক বড়ই কঠিন মাননীয়া, আপনি একটা সময়ে সিবিআই চাই বলে রাস্তায় নেমেছিলেন, তখন যায়নি বিরোধী নেত্রী। আর আজ মুখ্যমন্ত্রী হয়ে আনিস খানের পরিবার যখন সিবিআই চাইছে, পুলিশের ওপর ভরসা নেই বলে, আপনার সেই মতকে মেনে নেওয়া উচিত।”

কলকাতা পুরসভার প্রাক্তন ডিজি দীপঙ্কর সিংহ সামাজিক মাধ্যমে এদিন লিখেছেন, “কেনো গ্রেফতার করলেন না জানালে বুঝবো আন্দোলনের চাপে সত্য লুকাতে এই পদক্ষেপ। এরা খুনের আসামি হলে, সেদিন এসপি (গ্রামীণ) তথ্য গোপন ও বিভ্রান্ত করার দায়ে গ্রেফতার হবেনা কেনো? পুলিশের খুনি হয়ে ওঠার দায় আপনারও।“

পৃথক পোস্টে দীপঙ্করবাবু লিখেছেন, “যেদিন আনিস চিঠি লিখেছিল অসহায় ভাবে নিরাপত্তা চেয়ে, সেদিন আপনার প্রশাসনের নিরপেক্ষতা, তৎপরতা কোথায় ছিল, মাননীয়া?”

রঞ্জিতকুমার সিনহা লিখেছেন, “এই মুহূর্তে হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) কে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হোক।”

কলতান দাশগুপ্ত লিখেছেন, “আনিস খানের খুনের ঘটনায় আমতা থানার ৩ পুলিশ কর্মী সাসপেন্ড। পুলিশের বড়কর্তারা আগে বলেছিলেন, থানা থেকে কেউ যায়নি। কার অনুপ্রেরণায় সত্যি ঘটনা চেপে যাওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে। পুলিশ মন্ত্রীর শাস্তি চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *