সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৬ ডিসেম্বর: দীর্ঘ দিন ধরে এলাকার একাধিক শিশু কন্যাকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার দ্বীনবন্ধুনগর এলাকার। ধৃতের নাম রাহুলদেব শর্মা। শনিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে প্রতিবেশী শিশুদের লজেন্স, বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যেত। তারপর সেই শিশুদের মুখ চেপে ধরে ধর্ষণ করত বলে অভিযোগ। কোনও কোনও শিশুর পরিবারের লোকজন ঘটনার কথা জেনেও লজ্জায় মুখ খোলেনি। শুক্রবার সন্ধ্যেয় ফের এক তিন বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাঁর মা তাকে জিজ্ঞাসা করলে শিশুটি ঘটনার কথা তার মাকে জানায়। ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। উত্তেজিত প্রতিবেশীরা অভিযুক্ত রাহুলের বাড়ি হানা দেয়। রাহুল ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর ওই শিশুর পরিবার রাহুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বনগাঁ থানায়। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ।

