নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৩ এপ্রিল: নির্বাচনী প্রচারে করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কলকাতার শহিদ মিনারে ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। করোনাকে হারানোর জন্য রাজ্যবাসীকে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার পরামর্শ দেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ বইছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সব মানুষকেই এক হয়ে এই অতিমারির বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে। পশ্চিমবঙ্গের সব মানুষকে মুখে মাস্ক পরতে হবে। করোনার আদর্শ আচরণ বিধি মেনেই আমাদের কাজ করতে হবে। না হলে সমূহ বিপদ।

পশ্চিমবাংলায় আর দুই দফা ভোট বাকি আছে। এই দুই দফার ভোটে দলীয় কর্মীদের করোনার সংক্রমনের কথা মাথায় রাখতে হবে। করোনার সংক্রমণ রুখলেই বাংলার প্রগতি এগোবে। আগামী দিনে পরিবর্তনের মাধ্যমেই বাংলা সোনার বাংলা হবে। এদিনের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভাতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা রাজ্য বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল। সমস্ত চ্যালেঞ্জকে দূর করে সামাজিক দূরত্ব বজায় রেখে হল মোদীর সভা।

