আমাদের ভারত, ২৫ জুলাই: জনস্বাস্থ্য বিরোধী পদক্ষেপে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত রোগীদের হৃৎপিণ্ড ও ফুসফুসের জটিল অপারেশন হচ্ছিল তা চিরতরে বন্ধ হয়ে যাবে। সোমবার এই অভিযোগ করল
মেডিকেল সার্ভিস সেন্টার (এমএসসি)।
সম্প্রতি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কার্ডিওথোরাসিক (সিটিভিএস) বিভাগের সমস্ত চিকিৎসকদের এক দিনের নোটিশে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, সোমবার এক প্রেস বিবৃতিতে বলেন, “একযোগ এই বিভাগের সমস্ত চিকিৎসক শল্যবিদদের সরিয়ে দেওয়ার এই সরকারি সিদ্ধান্ত একটি জনস্বাস্থ্য বিরোধী পদক্ষেপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
যদিও ওই বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আনুষঙ্গিক পরিকাঠামোর ব্যাপক ঘাটতি ছিল। তা সত্ত্বেও মাত্র তিনজন ডাক্তার তাদের সাধ্যমত ক্ষমতা নিয়ে গরিব ও নিম্ন মধ্যবিত্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছিলেন। অথচ স্বাস্থ্য দফতর সিটিভিএস বিভাগের পরিকাঠামোর ঘাটতি না মিটিয়ে দিনের পর দিন চুপ থেকেছে। তাদের গাফিলতির সমস্ত দায় চিকিৎসকদের ওপর চাপিয়ে এসেছে। অবশেষে ৩ জন সিটিভিএস চিকিৎসককে অন্যত্র বদলি করে কার্যত এই বিভাগকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে।”
তিনি বলেন, “আমাদের সংগঠন মনে করে এর ফলে একদিকে সাধারণ মানুষ হৃৎপিণ্ড ও ফুসফুসের জটিল রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হবে। অন্যদিকে মেডিকেল শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্ররা বিশেষত স্নাতোকত্তর ছাত্রদেরও ক্ষতি হবে। তাই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, চিকিৎসক, ডাক্তারি ছাত্র, নার্স ও স্বাস্থ্য কর্মীদের এই অন্যায় সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।”

