মা-ছেলেকে গলা কেটে খুন পর্ণশ্রীতে, বাড়ি ফিরে তাজ্জব গৃহকর্তা

রাজেন রায়, কলকাতা, ৭ সেপ্টেম্বর: সাম্প্রতিককালের এরকম চাঞ্চল্যকর খুনের সাক্ষী হতে হয়নি কলকাতা পুলিশকে। বেহালার পর্ণশ্রী এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ছেলের গলা কাটা দেহ। বারবার কলিং বেল বাজিও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে এই দৃশ্য দেখে হতভম্ব গৃহকর্তা তপন মন্ডল, পুলিশকে এমনটাই জানিয়েছেন তিনি। আপাতত ছ’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পর্ণশ্রীর সেনপল্লি এলাকার গোপাল মিশ্র রোডের বহুতলের ফ্ল্যাট। অন্যান্য দিনের মতো নির্ধারিত সময়ে সোমবার রাত সোয়া ন’টা নাগাদ বাড়ি ফিরেছিলেন ব্যাঙ্ক কর্মী তপন মন্ডল। বার বার বেল টিপেও ভিতর থেকে স্ত্রী ও ছেলের সাড়া পাচ্ছিলেন না। প্রতিবেশীদের সাহায্যে দরজার লক ভেঙ্গে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে শোওয়ার ঘর। বিছানায় পড়ে রয়েছে তাঁর স্ত্রী সুস্মিতা মণ্ডল (৪৫) ও ছেলে তমোজিৎ মণ্ডলের (১৩) গলাকাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। ঘরের ভিতরটা সম্পূর্ণ লন্ডভন্ড।

সেনপল্লির একটি আবাসনের তিনতলার বাসিন্দা মণ্ডল পরিবার। সোমবার সন্ধ্যায় বাড়িতে ছাত্র তমোজিৎকে পড়াতে আসেন এক গৃহশিক্ষক। তিনি কখন বাড়ি থেকে বেরিয়ে যান, তা জানা যায়নি। সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা। তমোজিৎ সেই সময় অনলাইন ক্লাসেও যোগ দিয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু যে স্মার্টফোন থেকে সে ক্লাস করছিল, সেটি এখনও খুঁজে পাওয়া যায়নি।

ডাকাতির জন্য এই খুন কি না, তা নিয়ে চলছে তদন্ত। শোধ তোলার জন্য এই খুন করা হতে পারে, এমন সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। তবে গৃহশিক্ষক ছাড়া অন্য কেউ ওই বাড়িতে ঢুকেছিল কি না, তাও জানার চেষ্টা চলছে। রাতেই ঘটনাস্থলে যান গোয়েন্দাকর্তারা। নামানো হয় পুলিশ কুকুরও। গৃহকর্তা তপনবাবু ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *