স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, আমাদের ভারত, ২৯ মার্চ: গত তিন মাসে বিভিন্ন সময়ে পাওয়া গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকে বিভিন্ন গ্রামে পুলিশের সহযোগিতায় এবং রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থার উদ্যোগে ৩০টিরও বেশী উট উদ্ধার করা হয়। এতদিন উদ্ধার হওয়ায় উটগুলি কালিয়াগঞ্জ থানায় রাখা ছিল। পশুপ্রেমী সংস্থার সদস্যরা উটগুলির দেখা শোনা করত। আজ তাদের নিজেদের জন্মভূমিতে পাঠানো হল।
উট একমাত্র মরুভূমিতে চলাচল করে। মূলত রাজস্থানেই উট বেশী পাওয়া যায়। সেখান থেকে এতগুলো রাজ্য পার করে উটগুলিকে আনছে চোরাকারবারিরা। এর আগেও কালিয়াগঞ্জ থেকে উট উদ্ধার হয়েছে। বিশেষ করে কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন এলাকা থেকে উটগুলি উদ্ধার হয়। উদ্ধার হওয়া উটগুলিকে পুনরায় রাজস্থানে ফেরত পাঠানোর জন্য তৎপর হয় পশুপ্রেমী সংস্থা। সেই নিরিখে তারা আদালতের দ্বারস্থ হয়।

অবশেষে উদ্ধার হওয়া মোট ২৭ টি উটের বাড়ি যাওয়ার পালা। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস ও রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতারের সহযোগীতায় বেশ কয়েটি লরিতে করে উদ্ধার হওয়া উটগুলিকে পাঠানো হল। প্রেমী সংস্থার কর্নধার গৌতম তান্তিয়া বলেন, বেশ কিছু দিন ধরে কালিয়াগঞ্জের ৮-৮০ সব বয়সের মানুষরা থানায় উট দেখতে ভির জমাত। যখন মানুষ জানতে পারে উটগুলিকে রাজস্থানে পাঠানো হচ্ছে শেষবারের মতো উট দেখতে থানায় ভির জমায় তারা।

