জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ মার্চ: পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের তিন জেলায় চল্লিশটি আসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে তিনটি বৃহৎ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২৭ মার্চ এবং ১লা এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফায় রাজ্যের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ৫৬ টি আসনে ভোট গ্রহণ করা হবে। এই ৫৬টি আসনের মধ্যে অন্ততঃ ৪০টি আসন তারা পেতে চলেছেন বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন। তাদের মতে, এরমধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ার ২৫টি আসনের ১৭টি বিজেপি নিশ্চিতভাবে জয় পাবে। বাকি ২৩টি আসন তাঁরা দুই মেদিনীপুর থেকে পেতে জোর তৎপরতা চালাচ্ছেন বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। তাদের হিসেব এই ২৩টির ১৫টিতে তারা সুবিধা জনক অবস্থায় রয়েছে, বাকি যে ৮টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার মধ্যে ২টি আসনে বিজেপির সঙ্গে বামেদের টক্কর হবে।
বিজেপির পশ্চিমাঞ্চল কমিটি সূত্রে এবারের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের এমনই একটি হিসেব পাওয়া গেছে। এই কমিটির মাথায় রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। কমিটি সূত্রে জানাগেছে, এই ৫৬টি বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে আনতে বিজেপির রাজ্য নির্বাচনী কমিটি, রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের একটি বিশেষ বৈঠক হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গজুড়ে প্রধানমন্ত্রীর মোট যে ২০টি সভা স্থির করা হয়েছে তার মধ্যে তিনটি সভা হচ্ছে খড়গপুর, পুরুলিয়া এবং কাঁথিতে। এরমধ্যে ২০ মার্চ প্রধানমন্ত্রীর খড়গপুরের সভা হচ্ছে সরচেয়ে বেশি বিধানসভাকে সামনে রেখে। মেদিনীপুর, খড়গপুর গ্রামীন, খড়গপুর শহর, কেশিয়াড়ি, ডেবরা, সবং, পিংলা, নারায়নগড়, দাঁতন, গড়বেতা, শালবনী ও কেশপুরের প্রার্থীরা এখানে থাকবেন। প্ৰয়োজনে ঝাড়গ্রামের চার বিধানসভা কেন্দ্রের প্রার্থীদেরও ডাকা হতে পারে। আগামী ২৪ মার্চ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে ৭ মার্চ ব্রিগেডের সভার পর পূর্ব মেদিনীপুরের ‘অধিকারী গড়’ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দ্বিতীয়বার ফের তোপ দাগবেন মোদী। কারণ এই জেলারই নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী কাঁথির ছেলে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপির একটি সূত্র থেকে জানাগেছে, মোদীর এই সভায় থাকতে পারেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। ছেলের হয়ে নন্দীগ্রামে প্রচারেও নামতে পারেন তিনি। তবে রাজ্যে প্রধানমন্ত্রীর এই পর্বের সফর শুরু হচ্ছে পুরুলিয়া দিয়ে। ১৮ মার্চ বৃহস্পতিবার পুরুলিয়ায় তিনি জনসভা করবেন।

