বীরভূমের অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন মোদী

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৬ আগস্ট: আট মাসের মধ্যেই অত্যাধুনিক সাজে সেজে উঠবে বীরভূমের রামপুরহাট স্টেশন। রবিবার সকালে ভার্চুয়াল ভাবে দেশের এমনই ৫০৮টি স্টেশনের আধুনিকীকরণের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামপুরহাটে এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা।

স্টেশনের আধুনিকীকরণের নাম দেওয়া হয়েছে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে। সারা দেশে ১৩০৯টি স্টেশনকে প্রকল্পের আওতায় নিয়ে এসেছে রেল দফতর। তার মধ্যে প্রথম ধাপে ৫০৮টি স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ। যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পুজো দিতে ভিড় জমান। এছাড়া রামপুরহাট মহকুমা শহর হওয়ায় এই স্টেশনের গুরুত্ব রয়েছে যথেষ্ট। তাছাড়া বর্ধমান– সাহেবগঞ্জ লুপ লাইনে রামপুরহাট স্টেশন সব থেকে ব্যস্ততম স্টেশন। সব দিক বিবেচনা করেই রামপুরহাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানান রেলওয়ে আধিকারিকেরা।

রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য ৩৮.৬০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। অত্যাধুনিক এই স্টেশনে থাকছে দ্বিতীয় বিলাসবহুল প্রবেশদ্বার। থাকছে একাধিক লিফট এবং চলমান সিঁড়ি। যানবাহন রাখার জন্য পার্কিং এরিয়া করা হবে। অত্যাধুনিক শৌচালয় নির্মাণ করা হবে এই প্রকল্পে। এছাড়া এলাকার সৌন্দর্যায়নের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। স্টেশন চত্বরে থাকছে সবুজায়ন প্রকল্প। একইদিনে বোলপুর স্টেশনেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বোলপুরের বাজেট বরাদ্দ হয়েছে ২১.১০ কোটি টাকা। একই সঙ্গে দুটি স্টেশনের কাজ চলবে বলে রেল দফতর সূত্রে জানা গিয়েছে।

1 thoughts on “বীরভূমের অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন মোদী

  1. Ashis Sarkar says:

    খুব ভালো প্রকল্প।
    আমাদের সকলকে রামপুরহাট অমৃত স্টেশনকে রক্ষা করতে হবে, সুন্দর রাখতে হবে।
    বীরভূম দেবভূমি । নালহাটি, কঙ্কালীতলা, নন্দকেশরী, জয়দেব ইত্যাদি । এহেন স্থানে অমৃত স্টেশন নির্বাচন সত্যিই অভিনন্দনযোগ্য ও প্রশংসনীয়।

Leave a Reply to Ashis Sarkar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *