অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ জুন: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমোরাই গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস কর্মী অভিলাল হেমব্রম গত ৮ তারিখ তার বাড়ির সামনে বাজ পড়ে আহত হয়। এরপর তাকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিলাল হেমব্রমের বয়স ৩৮ বছর। তার বাড়িতে রয়েছে স্ত্রী শান্তি হেমব্রম এবং দুই কন্যা। একজনের বয়স ১২ বছর ও অন্যজনের বয়স ৬ বছর।

মৃতের ভাই গণেশ হেমব্রমের বক্তব্য, বাড়ি থেকে গরু বেড়িয়ে গেলে দেখতে গিয়ে দুয়ারে হঠাৎ করে পড়ে যায়। সেই সময় বাজ পড়ছিল। তৎক্ষণাৎ খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি জানার পর সাঁকরাইল ব্লকের বনকাটি গ্রামে তার বাড়িতে যান গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। তিনি মৃতের পরিবারের সকলকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। দলীয় কর্মীর পাশে সমগ্র তৃণমূল কংগ্রেস পরিবার রয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়েছেন সেই বার্তা নিয়ে তিনি এসেছেন বলে জানান। প্রশাসনিক স্তরে সব কিছু জানানো হয়েছে, ওনারা ওনাদের মত করে কাজ করছেন।

