তৃণমূলের‌ বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী

আমাদের ভারত, ৮ জুন :‘আমি জাত গোখরো- এক ছোবলেই ছবি’- নিজের ছবির সংলাপ বলে ভোট প্রচারে ঝড় তুলেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । কিন্তু তার এই সংলাপ রাজ্যে হিংসা ছড়াতে মদত দিচ্ছে এই অভিযোগ তুলে তৃণমূলের তরফে অভিনেতার বিরূদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছিল। এবার সেই এফ আই আরের পাল্টায় হাইকোর্টের দ্বারস্থ হলেন মিঠুন চক্রবর্তী।

রাজ্যে বিধানসভা নির্বাচনী প্রচারের সভায় অভিনেতা তথা বিজেপির তারকা সদস্য মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিল উত্তর কলকাতার যুব তৃণমূলের সদস্যরা। এবার এই মামলা খারিজের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেন। কলকাতা ব্রিগেডের মাঠে বিজেপির হয়ে তাঁর প্রথম নির্বাচনী প্রচারে অভিনেতার অভিনীত ছবির সংলাপ বলতে শোনা গিয়েছিল। “মারবো এখানে লাশ পড়বে শশ্মানে”, “আমি জলঢোঁড়াও নই বেলেবোড়াও নই জাত গোখরো- এক ছোবলেই ছবি”-র মত জনপ্রিয় সংলাপগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার সভায় জনতার উদ্দেশ্যে বলেন তিনি।

কিন্তু এই মন্তব্যগুলিকেই উস্কানিমূলক ও হিংসায় প্ররোচনামূলক বলে অভিযোগ করে তৃনমূল কর্মী-সমর্থকরা। গত ৬ মে কলকাতা মানিকতলা থানায় অভিনেতার বিরুদ্ধে ১৫৩এ, ৫০৪, ৫০৫ ও ১২০বি ধারায় এফ.আই.আর দায়ের করা হয়। অভিনেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয় বলেও জানা গেছে।
সূত্রের খবর অনুযায়ী, আজ মিঠুন চক্রবর্তী কলকাতা হাই কোর্টে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর ছবির সংলাপ কেবল জনতার মনরঞ্জনের জন্যই, এর অন্য কোন উদ্দেশ্য ছিল না বলে সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং মামলা খারিজের আর্জি করেন অভিনেতা। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *