সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৮ জুন: অল্প সময়ের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড জেলার বিভিন্ন এলাকা। সোমবার সন্ধ্যেয় ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বজ্রপাতের জেরে এক দিনে ২৬ জনের মৃত্যুর সাক্ষীও থেকেছে রাজ্য। আচমকা ওই দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের বিভিন্ন এলাকায়। বেশ কয়েকটি ঘর-বাড়ি, বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতি হয়েছে চাষবাসেরও। ঘটনার কথা জানতেই ক্ষতিগ্রস্থ এলাকায় রাতেই ছুটে যান বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। মঙ্গলবার সকালে গৃহহীন ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে খাবার সহ ত্রিপল তুলে দেন।

গাইঘাটার জলেশ্বর, ইছাপুর এলাকায় প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অনেক বাড়ি চাল উড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ার পাশাপাশি ছিঁড়ে গিয়ে বৈদ্যুতিক তার পড়েছে অনেকের বাড়ির ছাদে।
জলেশ্বরের পাড়ুইপাড়ার বাসিন্দা অশক দাস বলেন, “ঝড়ের সময় বাড়ির সকলে ঘরের মধ্যেই ছিলাম। আচমকা টিনের চাল উড়ে যায়। ইট এসে পড়ে খাটের উপর। পরিবারের সকলকে নিয়ে আমি পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম”।

বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “ঝড়ের ফলে গাইঘাটার বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতির খবর এসেছে। ফসলেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর মানুষ ঘর ছাড়া। এদিন সকালে সবপনবাবু ট্যাংরা অঞ্চলে গিয়ে কৃষকদের ত্রিপল সহ খাদ্য সামগ্রী তুলে দেন কৃষক সহ ক্ষতিগ্রস্থদের হাতে”।

