বাঘমুন্ডিতে বন দফতর থেকেই কয়েক লক্ষ টাকার চন্দন গাছ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা

সাথী দাস, পুরুলিয়া, ১৩ অক্টোবর: বন দফতরের অফিস থেকেই কয়েক লক্ষ টাকার চন্দন গাছ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বিট অফিস থেকে চন্দন গাছ চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে গ্রামবাসী ও বনদফতরের নজরে পড়ে একটি চন্দন গাছ উধাও।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে তাঁরা জানতে পারেন যে পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বিট অফিসের ভেতর থেকে একটি প্রায় ৩৫ বছরের পুরনো চন্দন গাছ চুরি হয়ে গেছে। তাঁদের প্রশ্ন এই দফতর জড়িত না থাকলে কীভাবে চুরি হল? তাই বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে মনে করছেন তাঁরা। তা ছাড়া যেখানে বিট অফিস থেকে গাছ চুরি হচ্ছে সেখানে এরা এতো বড়ো জঙ্গল কী করে বাঁচাবে?

এদিকে, ঘটনায় অস্বস্তি বাড়িয়েছে পুরুলিয়া বনবিভাগের। বিভাগীয় বনাধিকারিক দেবাশীষ শর্মা দ্রুত তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, “পুলিশের সাহায্য নিয়ে এই ঘটনার তদন্ত শুরু হচ্ছে। সাফল্য আসবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *