জয় লাহা, দুর্গাপুর, ১৪ মে:
কৃষক সম্মাননিধির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার। দুষ্কৃতীদের পাথরে গাড়ির কাঁচ ভাঙ্গলেও বরাত জোরে রক্ষা পেলেন সংসদ।
ঘটনায় জানা গেছে, এদিন রাজ্যের কৃষকদের কেন্দ্র সরকারে কৃষক সম্মাননিধি আর্থিক সহায়তা দেওয়ার দিন ছিল। ওই সহায়তা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যাবে। সেই উপলক্ষে বাঁকুড়া সদর থানার পাথরখুলিয়া গ্রামে এক কর্মসূচি ছিল। দুপুর নাগাদ কৃষকদের ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। দুপুর পৌনে দুটো নাগাদ আচমকা জনা পাঁচেক দুষ্কৃতী পিছন থেকে ইট পাথর ছোঁড়ে বলে অভিযোগ। সুভাষবাবুর গাড়ির পিছনের কাঁচটি ভেঙ্গে যায়। বরাত জোরে তিনি রক্ষা পান। হামলা দেখে চালক গাড়ি থামিয়ে দেন।

সুভাষ সরকার জানান, “দুটো মোটরবাইকে জনা কয়েক দুষ্কৃতী ছিল। পিছন থেকে আচমকা পাথর ছোঁড়ে। মুখে কাপড় বাঁধা ছিল।” তিনি আরও বলেন, “রাজ্যজুড়ে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, এটা তার অংশ। বাঁকুড়াতেও হামলা করে বিজেপি কার্যকর্তাদের ভয় দেখানো চলছে। রাজ্যজুড়ে যারা রাজনৈতিক সন্ত্রাস করছে, সেই শাসকদলের দুষ্কৃতীরাই হামলা করেছে।” তিনি বলেন, “এভাবে হামলা করে বিজেপিকে আটকানো যাবে না। কারন রাজ্যে বিজেপিও ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছে।” যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

