দিদির দূত হয়ে প্রচার শুরু করলেন মন্ত্রী শিউলি সাহা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ ও দিদি র দূত নিয়ে কর্মসূচি আগেই ঘোষণা করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আজ সকালে নিজের বিধানসভা ক্ষেত্রে দিদির দূত হয়ে গিয়ে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান সহ দিদির সুরক্ষা কবচ নিয়ে গ্রামে গ্রামে প্রচার শুরু করলেন মন্ত্রী তথা কেশপুরের বিধায়িক শিউলি সাহা

এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলো মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যেতে হবে। এছাড়া মানুষ সমস্ত প্রকল্প থেকে কী করে সুবিধাগুলো পাবে, সেই বিষয়েও ব্যাখ্যা দেন তিনি। এছাড়াও দিদির সুরক্ষা কবচ নিয়ে দিদির দূত হয়ে তারা গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছে প্রতিটি সুযোগ সুবিধার কথা বলবেন। সঙ্গে দিদির দূত লেখা একটি হাতের ব্যান্ড এবং দিদির সুরক্ষা কবচ সম্পর্কে মানুষের হাতে একটি লিফলেট তুলে দেবেন। তাছাড়াও প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে তা লিপিবদ্ধ করে কীভাবে সমাধান সম্ভব তা করতে হবে দলীয় কর্মীদের।

আজকের এই সাংবাদিক বৈঠকে মন্ত্রী তথা এলাকার বিধায়ক শিউলি সাহা ছাড়াও ব্লক সভাপতি প্রদ্যূৎ পাঁঞ্জা সহ ব্লকের অঞ্চল সভাপতিরা এবং শাখা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *