পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর:
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ এসসি-এসটি আইনে সম্মানহানীর অভিযোগ দায়ের করেন তিনি৷
বেলপাহাড়িতে প্রশাসনিক সভা করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সেখানে সভা সেরে রাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে ছিলেন ৷ বুধবার বেলা ১ টা নাগাদ ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে উড়ে যেতেই সোজা ঝাড়গ্রাম থানাতে হাজির হন মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করেন৷ এসসি-এসটি আইনে সম্মানহানীর অভিযোগ দায়ের করেন৷
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’কে নিয়ে মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যে জলঘোলা পরিস্থিতির মাঝে বীরবাহা হাঁসদা-কে নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কু-মন্তব্য সোস্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে শুভেন্দু অধিকারিকে কর্মীদের ভিড়ে বীরবাহা হাঁসদাকে পায়ের তলাতে রাখার কথা বলতে শোনা গিয়েছে৷ এবার সেই বক্তব্যকে হাতিয়ার করেই বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের শুরু করেছে তৃণমূল ৷ বুধবার ঝাড়গ্রাম সফর সেরে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই মন্ত্রী বীরবাহা হাঁসদা সোজা হাজির হয়েছিলেন ঝাড়গ্রাম থানায়। সেখানে শুভেন্দু অধিকারী সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেন। উল্লেখ করেছেন, “শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আমার মতো একজন মহিলাকে পায়ের তলাতে রাখার কথা বলেছেন৷ ঝাড়গ্রামের নেতাইয়ে ২০২২ সালের জানুয়ারিতে এই মন্তব্য করেছেন তিনি৷ এর দ্বারা আমাদের মতো তপশিলী জাতি উপজাতিকে অপমান করা হয়েছে৷” তিন পাতার অভিযোগপত্রে আরও নানা অভিযোগ করে তপশিলী জাতি উপজাতি আইনে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

