সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ জুন: যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাস মিনিবাসের গুরুত্ব সর্বাধিক হলেও বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। এই পরিবহন শিল্পকে বাঁচাতে অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন বাস ও মিনিবাস মালিকরা। আজ বাস ও মিনিবাস মালিকদের সংগঠন বাঁকুড়া জেলা বাস ও মিনিবাস ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরন করা হয়।
সমিতির পক্ষ থেকে প্রেরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, সাধারণ মানুষের পরিবহনের ক্ষেত্রে বাস মিনিবাসের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমানে এই ব্যবস্থায় যুক্ত বাস মিনিবাসের যন্ত্রপাতি ইত্যাদির দাম লাগামছড়া। ডিজেলের আকাশচুম্বী দাম পরিবহন ব্যবস্থাকে গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তার উপর অবৈধ টোটো, অটো সহ ছোট গড়ি যেখানে সেখানে যাত্রী তুলে নিয়ে বাস মিনিবাস গুলিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এছাড়াও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বিভাগ থেকে বাস মিনিবাস নেওয়া হলেও তার ভাড়া যথাযথ ভাবে মেলেনি।
এই সমস্যা থেকে মুক্তি পেতেই তারা মাননীয়া মুখ্যমন্ত্রীর শরনাপন্ন হয়েছেন বলে সমিতির পক্ষ থেকে দীপক শুকুল জানান। পরিবহন শিল্পকে রক্ষা করতে সমিতির পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়েছে। অবিলম্বে সমস্ত প্রকার অবৈধ টোটো, অটো সহ বিভিন্ন ছোট গাড়ি নিষিদ্ধ করতে হবে, ভাড়ার পুনর্বিন্যাস ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মী পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া প্রদানের দাবি জানানো হয়েছে। এছাড়াও জাতীয় সড়কে টোল ট্যক্স দিতে দিতেই বহু টাকা ব্যয় হয়। এই সব সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।

