সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জুলাই: প্রতি মাসের প্রথম সপ্তাহে সবজি, জ্বালানির বিল প্রদান, সমস্ত বকেয়া বিল প্রদান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্হায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ আট দফা দাবিতে আজ জেলা আধিকারিকের কাছে স্মারকলিপি দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়াকার্স ও হেল্পার্স ইউনিয়ন।

সংগঠনের বাঁকুড়া জেলার সম্পাদিকা চায়না কর্মকার জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উপভোক্তাদের জন্য নির্ধারিত সবজি, ডিম ও রান্নার জন্য জ্বালানির ব্যবস্থা তাদেরকে করতে হয়, কিন্তু বকেয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই সরবরাহকারীরা মালপত্র দিতে অস্বীকার করেন, যার ফলে কর্মীদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে জেলা আধিকিরিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তিনি বলেন, এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের
স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, নিয়োগে স্বচ্ছতা এবং প্রতি সেন্টারে অ্যান্ড্রয়েড ফোন ও সিম কার্ড দেওয়ার দাবিও জানানো হয়েছে।

