শালবনীতে মারুতি ভ্যান উলতে দুর্ঘটনা, আহত ৩ নার্সারির পড়ুয়া সহ গাড়ির চালক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মারুতি ওমনি ভ্যান। ঘটনায় ৩ পড়ুয়া সহ আহত হয়েছেন চালক। তাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চালকের আঘাত বেশ গুরুতর।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পাথরকুমকুমি সংলগ্ন পাথরকুমকুমি-গড়মাল গ্রামীণ রাস্তাতে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পাথরকুমকুমি সংলগ্ন জাড়া এলাকার একটি বেসরকারি নার্সারি স্কুল এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ছুটি হওয়ার পর, ১১ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে ওই মারুতি গাড়িটি গড়মালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়িতে ৩ জন অভিভাবক এবং চালক সহ ১৫ জন ছিলেন। পাথরকুমকুমি ঢোকার কিছুটা আগে ৩ জন পড়ুয়া গাড়ি থেকে নেমে যায়। এরপর ১২ জনকে নিয়ে গাড়িটি পাথরকুমকুমি থেকে গড়মালের দিকে যাচ্ছিল গ্রামীণ পিচ রাস্তার উপর দিয়ে। পাথরকুমকুমি থেকে কিছুটা যাওয়ার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের তৎপরতায় দ্রুত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে পৌঁছোয় পুলিশ। গাড়ি থেকে আহতদের উদ্ধার করা হয়। সবারই কমবেশি চোট লাগলেও ৩ পড়ুয়ার আঘাত তুলনামূলক বেশি হওয়ায় তাদের দ্রুত পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের সকলেরই বয়স ৪-৫ বছরের মধ্যে বলে জানাগেছে।

সবথেকে বেশি আহত হন গাড়ির চালক। সত্তরোর্ধ্ব ওই চালককেও মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাই প্রেশার ও সুগারের রোগী বলে জানাগেছে। গাড়ির মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়াতেই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, দুর্ঘটনার অন্যান্য সমস্ত কারণই তদন্তে খতিয়ে দেখা হবে বলে শালবনী থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। পুলিশের তরফে ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত স্কুল ভ্যানটিকে আটক করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, আহত শিশু শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ওই চালকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *