ভাষা, নদী এবং অরণ্য রক্ষার বার্তা নিয়ে সাইকেলে জেলা ভ্রমন করলেন গোপীবল্লভপুরের মণীশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ জুলাই: ভাষা, নদী এবং অরণ্য রক্ষার বার্তা নিয়ে সাইকেলে ৫৮ দিন বাংলার ২৩ টি জেলা ভ্রমনের শেষে নিজের বাড়িতে ফিরছিলেন গোপীবল্লভপুরের সাইক্লিস্ট মণীশ তালদি। মঙ্গলবার দুপুর নাগাদ মণীশ গোপীবল্লভপুরে নিজের জন্মভূমিতে ফিরে আসায় তাকে সংবর্ধনা দিলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন।

জানাগেছে, গোপীবল্লভপুরের বাসিন্দা মণীশ তালদি জীবনের প্রথম থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় এবং পরিবেশ সচেতন। তাই প্রকৃতির বিভিন্ন পরিবেশের স্বাদ নিতে সব সময় তাকে ছুটে যেতে দেখা গেছে, কিন্তু পরিবেশ রক্ষার তাগিদে মণীশ কখনো জ্বালানি চালিত যানবাহন পছন্দ করেননি।তাই তার যাত্রা পথের সবসময়ের সাথী হয়েছে পরিবেশ বান্ধব সাইকেল।এই সাইকেলে এর আগে মণীশ বেশ কয়েকটি পার্শ্ববর্তী জায়গায় ভ্রমণের পাশাপাশি একদিনে কলকাতা ভ্রমণ করে।

অ্যাডভেঞ্চার প্রিয় মন এবং সামাজিক সচেতনতার লক্ষ্যে কয়েকমাস আগে সে স্থির করে প্রতিটি মানুষের আঞ্চলিক ভাষা, নদী এবং অরণ্য রক্ষার খুবই প্রয়োজন। তাই রাজ্যবাসীর কাছে নিজের মনের কথা পৌঁছে দিতে সঙ্গী করে সেই সাইকেলকে। সেইমতো ৫৮ দিন আগে বাড়ি থেকে সাইকেলে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়ে মণীশ তালদি। নিজের বার্তা রাজ্যের ২৩ টি জেলাবাসীর কাছে পৌঁছে দেওয়ার পর মঙ্গলবার গোপীবল্লভপুরে পৌঁছায় মণীশ।

গোপীবল্লভপুরে মণীশ তালদি পৌঁছানোর পর তাকে সংবর্ধনা জানান গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি। পাশাপাশি সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা জানানো হয়। বাড়ি ফিরে নিজের অভিজ্ঞতা এবং সফলতা নিয়ে বলতে গিয়ে মণীশ তালদি বলে, তার উদ্যেশ্যে সে পুরোপুরি সফল। রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের ভালোই সাড়া পেয়েছে ভাষা, নদী এবং অরণ্য রক্ষার জন্য। তবে যাত্রাপথের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, থাকা খাওয়ার কোনো কোনো সময় সমস্যা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো ভাবে সমস্যার সমাধানও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *