রাজেন রায়, কলকাতা, ৩১ মার্চ: লোকসভা ভোটের আগেও সমস্ত অবিজেপি নেতাদের একজোট করে বিজেপিকে রোখার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রামে ভোটে ফের গণতন্ত্র ও সংবিধানের উপর বিজেপির আঘাতের অভিযোগ আনলেন মমতা। এই অভিযোগে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময় বলে অবিজেপি নেতাদের চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়েককে চিঠি লিখেছেন তৃণমূল সুপ্রিমো।

মোদী সরকারকে নিশানা করে চিঠিতে মমতা লিখেছেন, সিবিআই ইডিকে নির্লজ্জ ভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্রের সরকার। ভোটের মুখে তৃণমূলের একাধিক নেতাকে তলব করা হচ্ছে। যাতে জনমানসে তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

উল্লেখ্য, বাংলায় এবার পদ্মফুল সরকার প্রতিষ্ঠা করতে মরিয়া বিজেপি। অন্যদিকে, ফের মসনদে বসতে মরিয়া তৃণমূলও। এই প্রেক্ষাপটে নন্দীগ্রামে ভোটের আগে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়ে সোনিয়া গান্ধীদের মমতার চিঠি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


