স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১০ নং মাড়াইকুড়া অঞ্চলে অবস্থিত নেহালী বিল। পর্যাপ্ত পরিমাণ খাবার ও অনুকূল পরিবেশের কারণে শীতকালে প্রচুর পাখি আসে এই বিলে। গ্রাম্য পরিবেশে পাখিদের কলতান শুনতে অনেক মানুষ ঘুরতেও আসেন এখানে। কিন্তু চোরা পাখি শিকারীদের দৌরাত্ম্যে পাখির সংখ্যা কমতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এবিষয়ে অভিযোগ পাওয়ার পর বুধবার বনদপ্তর ও রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থার সদস্যরা অভিযান চালায় ওই এলাকায়। বিলের সামনে থেকে প্রচুর পাখি ধরার জাল বাজেয়াপ্ত করা হয়।

পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, বেআইনি ভাবে পাখি শিকার করায় পাখির সংখ্যা ক্রমশ কমছে। এবিষয়ে বনদপ্তর তৎপর রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে হবে।


