আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১৩ সেপ্টেম্বর: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার গোলামপাড়া এলাকায় চাষে ক্ষতি হওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী ভাগচাষি।মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল তিনি বিষ খান, সাথে সাথেই তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।
মৃতের স্ত্রী মীরা রানী ঘোষ তিনি এদিন জানান, ১৪ বিঘা জমিতে ঠিকা নিয়ে আলু চাষ করেছিলেন। বাড়ি বন্ধক দিয়ে পাঁচ লক্ষ টাকা তিনি লোন করেছিলেন, আর একটি বেসরকারি ব্যাঙ্কে তিনি দু লক্ষ আশি হাজার টাকারও লোন করেছিলেন। দু বার করে আলু লাগাতে হওয়ায় প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছিল তাঁর। আর সেই মতো তিনি ফসলও এবছর ঘরে তুলতে পারেননি। ঋণের বোঝা মাথায় নিয়ে প্রায়শই চিন্তাগ্রস্ত অবস্থায় থাকতেন তিনি। এরপরই তিনি বিষ খান। এদিন কালনা মহকুমা হাসপাতালে মৃত দেহের ময়নাতদন্ত হবে।

