সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ফেব্রুয়ারি: সংস্কারের বছর কয়েকের মধ্যেই ভেঙ্গে গেছে সেতু। চার বছর ধরে পড়ে থাকা সত্ত্বেও মেরামতের কোনও উদ্যোগ নেই। আর সেই ভাঙ্গা সেতু দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করেছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটির নিত্যানন্দপুর অঞ্চলের সুপুর ও সন্নিহিত এলাকার মানুষ এই সেতুর কারণে ক্ষোভে ফুঁসছেন।

জেলায় একই সেতু বারবার তৈরি হচ্ছে আর অল্প দিনেই ভেঙ্গে পড়ছে। সরকারি অর্থ নয়ছয় হচ্ছে। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এবার প্রায় চার বছর ধরে সেতুটি ভেঙ্গে পড়ে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। গঙ্গাজলঘাঁটির নিত্যানন্দপুর অঞ্চলের সুপুর গ্রামে ভেঙ্গে যাওয়া এই সেতু নিয়ে মুক্তি দাস, অনিল হেমব্রম ও মধুমিতা ব্যানার্জি প্রমুখরা জানান যে, এই সেতু দিয়ে প্রতিদিন ৬- ৭টি গ্রামের বেশ কয়েকশো বাসিন্দা চলাচল করেন। বহু আবেদন নিবেদন করে ৫ থেকে ৬ বছর আগে ৫৩ লক্ষ টাকা খরচ করে সেতুটি সংস্কার করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত রড না দিয়ে ঢালাই করায় অল্প কয়েক দিনে সেতুটি ভেঙ্গে পড়ে। তারপর বহু আবেদন করা হয়েছে, সেতুটি পরিদর্শনও হয়েছে বহুবার, কিন্তু মেরামতের কোনও ব্যবস্থা হয়নি।
সুপুর গ্রামের শেষে একটি জোড়ের ওপর সেতুটি রয়েছে। সেটি ভেঙ্গে থাকায় সাইকেল ঠেলে পার হতে হয়। সাইকেল বা মোটর সাইকেল চালিয়ে পার হতে গেলে ছোটবড় দুর্ঘটনা ঘটে। গত চার বছরে অসংখ্য মানুষ সাইকেল ও মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার নিত্যানন্দপুরের এক হকার সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আর কোনো দুর্ঘটনা ঘটুক তারা চান না। এবার ভাল ভাবে মেরামতের দাবি তারা জানাচ্ছেন তারা যাতে সেতুটি দীর্ঘস্থায়ী হয়।

স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, এটাই তৃণমূলের উন্নয়নের জোয়ার। সেতু হবে আর ভাঙ্গবে, কাটমানি আসবে। বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বক্তব্য, এলাকার মানুষই জানেন কী উন্নয়ন হচ্ছে।

