নবদ্বীপে পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা না থাকায় কষ্টের মধ্যেই দিনযাপন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জুলাই: একাধারে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ, তার ওপর গোদের ওপর বিষফোড়া পানীয় জলের কষ্ট। এই অবস্থা নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রামপঞ্চায়েতের একাধিক এলাকায়। তার ওপর এলাকাটি আর্সেনিক মুক্ত নয়।

সেইরকম একটি এলাকায় পানীয় জল সরবরাহ করার জন্য কল আছে, কিন্তু জল পড়ে না সেইসব কল দিয়ে। বিকল হয়ে পড়ে আছে সজল ধরার আওতায় থাকা জলের ট্যাঙ্ক ও মেশিন।

একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে আজও পর্যন্ত মেলেনি কোনও সুরাহা, অভিযোগ স্থানীয়দের। দীর্ঘ প্রায় দু বছর ধরে তীব্র জল কষ্টের মধ্যেই দিনযাপন করতে হচ্ছে বাবলারি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্র পুর, প্রাণগোপালনগর ও নিতাই নগরের বিস্তীর্ণ এলাকা বাসীদের। বাবলারি পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকায় আনুমানিক হাজারের বেশি পরিবারের বসবাস।

এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে জলের কল বসানো হলেও, জল পড়ে না সেই কল দিয়ে। তীব্র গরমের মধ্যে তৃষ্ণা মেটাতে দূরবর্তী এলাকার টিউবেয়েলই একমাত্র ভরসা এলাকাবাসীদের।

সম্প্রতি প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বাবলারি এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সজল ধারা জল প্রকল্পের। এলাকা বাসীর আরও অভিযোগ, এছাড়াও বাবলারি অঞ্চলে আরো দুটি জল প্রকল্প দীর্ঘদিন ধরে ভগ্নদশায় রয়েছে। জল জঙ্গলে ভরে গিয়েছে জল প্রকল্প দুটি। তারই মধ্যে অনুষ্ঠানিকভাবে আরও একটি সজল ধারা জল প্রকল্পের উদ্বোধন করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। কিন্তু পানীয় জল বিহীন বিস্তীর্ণ এলাকার দিকে নজর নেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের বলে অভিযোগ স্থানীয়দের।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান কমল দেবনাথকে জিজ্ঞাসা করা হলে এক কথায় সম্পূর্ণ ঘটনাটির সত্যতা স্বীকার করে নেন তিনি। পাশাপাশি অতিসত্বর নির্দিষ্ট এলাকাতে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এর প্রভাব আগামী পঞ্চায়েত ভোটের বাক্সে পড়বে না বলে আশাবাদী তিনি। কিন্তু তাঁর এই আশ্বাস বাণীতেও যেন বিশ্বাস রাখতে পারছেন না এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *