আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: বিনয় তামাংদের পাহাড়ের বনধ প্রত্যাহারের প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার অভিযোগ তুলেছেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজদের মতো ডিভাইড ও রুল পলিসি নিয়েছেন বাংলায়।
বিনয় তামাং পাহাড়ে বনধ প্রত্যাহার করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার কথা ঘোষণা করেছেন। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিনয় তামাং এবং পাহাড়ের যে গোষ্ঠী আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই কাজ করছে। তাই তার অভিযোগ, পাহাড়ের সমস্যার মূল কারণই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেরা যেভাবে গোর্খাদের অপমান করেছে, তাদেরকে বহিরাগত বলেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয়। সুকান্ত মজুমদার বলেন, এটা বাংলার সংস্কৃতিতে ছিল না। মুখ্যমন্ত্রী ভোটের সময় বাঙালি, বিহারী উত্তর প্রদেশ করেছিলেন, ভোটের জন্য মিথ্যে ভয় পাইয়েছিলেন। আর এখন তিনি বাংলার অধিবাসীদের মধ্যে আবার বিভাজন করতে চাইছেন। কে গোর্খা, কে পাহাড়বাসী, কে সাঁওতাল ভাষায় কথা বলেন এভাবে বাংলার মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সুজয় কৃষ্ণ ভদ্র স্বীকার করে নিয়েছেন তার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বোঝাই যাচ্ছে কাটমানি কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে। কাটমানির খাদ্য শৃঙ্খলের প্রগৌন খাদক কারা সেটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে।”

