Lightning strikes, Bankura, বজ্রপাতে একের পর এক মৃ*ত্যু বাঁকুড়ায়, জেলা জুড়ে আতঙ্ক

আমাদের ভারত, বাঁকুড়া, ৬ আগস্ট: ক্রমাগত বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ইতিমধ্যেই গত কয়েকদিনে সাতজনের মৃত্যুর পর আজ ফের দুটি পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।ছাতনার সীরাপুর গ্রামের মাধাই বাউড়ির আজ বজ্রপাতে মৃত্যু হয়েছে, অপরদিকে শালতোড়ার কনোড়ি গ্রামের জয় রামের মৃত্যু ঘটেছে বজ্রপাতে।
অন্য এক ঘটনায় বিষ্ণুপুরে চারজন মহিলা বজ্রপাতে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাদের হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, গত কয়েকদিনে বজ্রপাতে সাতজনের মৃত্যু ঘটে। গত সপ্তাহে সোমবার বিকেলে কাজ সেরে স্কুটিতে বাড়ি ফেরার পথে দুই বোনের মৃত্যু হয় বজ্রপাতে। রাইপুরের ধানাড়া এলাকার মধুপুর গ্রামের খুকুমণি হাঁসদা ও মণিমালা হাঁসদা স্কুটিতে বাড়ি ফেরার পথে বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নেন। তখনই এই ঘটনা ঘটে। এছাড়া ঐ দিনেই বিষ্ণুপুরের গোপালমাঠ এলাকায় চাষের কাজ করার সময় বজ্রপাতে ববিতা লোহার নামে এক মহিলার মৃত্যু হয়, তিনজন গুরুতর জখম হন। ঐদিনই সিমলাপালের লক্ষ্মীসাগরের পবিত্র লোহার ভোরে প্রাতঃকৃত্য ক‍রতে গিয়ে বজ্রপাতে মারা যায়। এছাড়া বড়জোড়া থানার দেউচা গ্রামে জমিতে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় তপন বড়ু নামে এক প্রৌঢ়ের।

এদিকে একেরপর এক বজ্রপাতের ঘটনায় মৃত্যুর মিছিলে জেলার অধিবাসীদের সাথে জেলা প্রশাসন ও উদ্বিগ্ন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির সময় বা বজ্রপাতের সময় উন্মুক্ত স্থানে বা গাছতলায় আশ্রয় না নিয়ে পাকা বাড়ি বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ ও প্রচার চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *