নজরে ভুয়ো ভ্যাকসিন, বামেদের ভাইরাল প্যারোডি “নতুন কেলো”

রাজেন রায়, কলকাতা, ৩ জুলাই: ভোটের আগে সাধারণ মানুষের আঙুলের ছোঁয়ায় কাছে পৌঁছে যেতে একের পর এক প্যারোডি বার করে বাজারে সাড়া ফেলে দিয়েছিল বামফ্রন্ট। তবে শেষ পর্যন্ত বিধানসভায় আসন না জুটলেও বেড়েছিল ভোটের শতাংশ। এবার সেই পথে ফের হাঁটতে চলেছে বামফ্রন্ট। জ়েন ওয়াইকে আকৃষ্ট করতে ‘এক টানেতে যেমন তেমন’ গানের প্যারোডি হিসেবে এল ‘নতুন কেলো’।

গান গেয়েছেন ‘টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব’ খ্যাত নিলাব্জ নিয়োগী। গানটি লিখেছেন রাহুল পাল। এর আগে হাল ফেরাও লাল ফেরাও নামে একটি প্যারোডি বার করেছিল বামফ্রন্ট।

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের একাধিক নেতার বিভিন্ন ছবি ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। এসবের প্রতিবাদেই গত সোমবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বামেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন বাম কর্মী আটকও হন। সেই তালিকায় ছিলেন বেশ কয়েকজন বাম যুব নেতা নেত্রীও। সৃজন বন্দ্যোপাধ্যায়, মিনাক্ষী মুখোপাধ্যায়, ময়ূখ বিশ্বাস, সায়নদীপ মিত্র, কলতান দাশগুপ্ত সহ অনেকেই পুলিশ হেফাজতে যান। তাঁদের সঙ্গেই ছিলেন এই গানের লেখক রাহুল পাল। সে দিন রাতেই রাহুল ভেবে ফেলেন তাঁদের প্রতিবাদের রাস্তা হবে একেবারেই আগের মতো। এই রাহুল-নিলাব্জ জুটির একাধিক গান বিধানসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। এবারের প্রতিবাদের ভাষাও সেই গানের প্যারোডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *