পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ অক্টোবর: ডেঙ্গু আতঙ্কে ত্রস্ত কুমারগঞ্জ। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তর সংখ্যা। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ অস্বীকার ব্লক স্বাস্থ্য আধিকারিকের।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত শুধু কুমারগঞ্জ ব্লকেই আক্রান্তের সংখ্যা ১২১ জন। হাসপাতালে চিকিৎসায় রয়েছেন চারজন। সাফানগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কুলহারী ও মাধবপুর এলাকায় বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যাও। যা নিয়েই প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, ডেঙ্গুর ঘটনা সামনে আসতেই স্থানীয় পঞ্চায়েত থেকে একদিনের জন্য আধিকারিকরা এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ও মশা মারার ধোঁয়া স্প্রে করেই দায় সেরেছেন। গ্রামের জমা জল এবং জঙ্গল পরিষ্কার করার কোনো উদ্যোগই গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। আর যার কারণে গ্রামের যত্রতত্র এখনো পর্যন্ত জল জমে রয়েছে। পড়ে রয়েছে আবর্জনার স্তূপ। ঘরে ঘরে রয়েছে জ্বরের প্রকোপও। তবে এটা কি ধরনের জ্বর তা অবশ্য জানা নেই তাদের। স্থানীয় হাতুড়ে চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা করলেও অধিকাংশকেই নিয়ে যেতে হচ্ছে বরাহার হাসপাতালে।

মিনতি রায়, কবিরাজ টুডু, নিবাস রায় ও শরত সরেনরা বলেন, জ্বরের প্রকোপ গ্রাম বাড়ছে। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। প্রশাসনের লোকজনের দেখা নেই, এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতাও নেই। আর তাতেই আতঙ্কিত হয়ে উঠেছেন তারা।
ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র সাহা বলেন, প্রশাসনিকভাবে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে। যোগাযোগ করা হচ্ছে জেলা স্তরের আধিকারিকদের সাথেও।

