কেন একটি কেন্দ্রেই উপনির্বাচন? কে লিখল, ভবানীপুরে ভোট না হলে সাংবিধানিক সংকট ? কমিশনের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: কেন নির্বাচন কমিশন শুধুমাত্র রাজ্যের একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্যই উপনির্বাচন ঘোষণা করল? কে লিখল ভবানীপুরে ভোট না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে? ভবানীপুর উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া মামলায় এই প্রশ্নর ভিত্তিতে কমিশনকে হলফনামা জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। আর এই হলফনামা জমা দেওয়ার জন্য মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।

আর মাত্র ৬ দিন বাকি ভবানীপুর উপনির্বাচনের। তার মধ্যেই, কেন শুধু সেই কেন্দ্রেই উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন, তা নিয়ে শুক্রবারের মধ্যেই কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুর উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া মামলায় শুনানি ছিল বৃহস্পতিবার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল এই মামলার শুনানি।

দু’পক্ষের সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি কমিশনের কাছে জানতে চান, কমিশনের তরফে একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্যই কেন উপনির্বাচন ঘোষণা করা হলো? এই কেন্দ্রে ভোট গ্রহণ না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে, কমিশনের প্রেস বিবৃতিতে সেটা কে লিখেছে? এই বিষয়গুলো জানিয়ে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার আবার এই মামলার শুনানি।

মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, কমিশনের কাছে ক্ষমতা আছে উপনির্বাচনের দিনক্ষণ স্থির করার। কমিশন সেটা করেছে। কারণ হিসেবে কমিশন দেখিয়েছে যে রাজ্যের মুখ্যসচিব যোগাযোগ করেছেন, জানিয়েছেন ভবানীপুর কেন্দ্রের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সেই কারণে এখানে ভোট না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যসচিব সাওয়াল করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত জনমতের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। একজন প্রার্থীর পক্ষে দাঁড়াচ্ছেন তারা।”

এছাড়াও এই নির্বাচন না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে বলে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যসচিব। এই প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলে আদালত। হলফনামায় জানতে চাওয়া হয়েছে কমিশনের প্রেস বিবৃতিতে ভাবানীপুর কেন্দ্রে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে এটা কে লিখল? নির্বাচন কমিশন নাকি রাজ্যের মুখ্য সচিব? আদালত প্রশ্ন তুলেছে সাংবিধানিক বাধ্যবাধকতা একটি উপনির্বাচনের ক্ষেত্রে কিভাবে আসতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *