রাজেন রায়, কলকাতা, ২০ অক্টোবর: মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থিম হল তার উপনির্বাচনী কেন্দ্রতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনের কেন্দ্র ভবানীপুর দুর্গোৎসব কমিটির কোজাগরী লক্ষ্মী পুজোর থিম হল লক্ষ্মীর ভান্ডার। নিয়ম অনুযায়ী, দুর্গাপুজো করলে সেই মণ্ডপে লক্ষ্মী পুজো করতেই হয়। সেই কারণে কম বেশি সব ক্লাবেই দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। সেই রকমভাবেই ভবানীপুর দুর্গোৎসব কমিটি লক্ষ্মী পুজোর আয়োজন করেছে আর শুধু লক্ষ্মীর ভান্ডার থিমই নয়, ভবানীপুরের লক্ষ্মীপুজোর রিক্সা চেপে হাজির হয়েছেন স্বয়ং খুদে মা লক্ষ্মীরা।
প্রসঙ্গত, এ বছর ভবানীপুর দুর্গোৎসব কমিটির ৫৬তম বর্ষের দুর্গাপুজোয় থিম ছিল ‘খেলা হবে’। এবার কোজাগরী লক্ষ্মী পুজোয় তাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ থিমের আয়োজন করে আবারও মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। পুজোতেও মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। প্রত্যেকেই বাড়ির পুজোর পাশাপাশি পাড়ার প্যান্ডেলে হাজির হয়েছেন। মহিলাদের বক্তব্য, পুরুষতান্ত্রিক সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মহিলাদের গুরুত্ব দিয়েছেন, তাঁর বিভিন্ন প্রকল্পগুলি থেকে মহিলারা উপকৃত হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছেন।
ভবানীপুর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরীর বক্তব্য, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ভক্তিভরে পুজোর আয়োজন করি। আমাদের দুর্গাপুজোয় কোটি কোটি টাকার থিম হয় না ঠিকই কিন্তু ওই অন্যান্য জায়গার মতো লক্ষ্মী পুজো করতে হবে একটা মূর্তি এনে বসিয়ে দিই না। লক্ষ্মীকে সম্মান দেওয়া হয় না। আমাদের মতে, সব পুজো ভক্তিভরে করা উচিত।“

