কান্দির মনোহরপুর গ্রামে দুর্গাপুজো হয় না, লক্ষ্মী পুজোয় মেতে ওঠে গ্রামবাসীরা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মা উমার বিদায় হয়ে গেলেও বাঙালি উৎসব মুখর এখনও। বুধবার কোজাগরি লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে মুর্শিদাবাদের কান্দি ব্লকের মনোহরপুর গ্রাম। কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মনোহরপুর গ্রামে প্রায় বারোশো লোকের বসবাস।

গ্রামের অন্যতম সদস্য অশোক মন্ডল জানান, কৃষি প্রধান এলাকা বলে পরিচিত এই গ্রামে কোনও শারদীয়া দুর্গাপুজো হয় না, কিন্তু এই গোটা গ্রামে লক্ষ্মী পুজোয় মেতে ওঠে গ্রামবাসীরা। গ্রামের সকল স্তরের মানুষ লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে চারদিন ধরে উৎসবে সামিল হন। বুধবার কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষজন এই পুজোয় মেতে উঠেছেন।

আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মন্ডল জানান, শুধু লক্ষ্মী পুজো উপলক্ষ্যে পুজো নয়, মেলা, যাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে পাশাপাশি ভাসানে আতসবাজি প্রদর্শনী করা হয়। প্রায় দুশো বছরের প্রাচীন এই লক্ষ্মী পুজো। লক্ষ্মী ও নারায়ণের একসাথে এই পুজো করা হয়। গ্রামবাসীরা দুর্গাপুজোয় আনন্দ না করলেও লক্ষ্মীপুজোয় মেতে ওঠে ছোট থেকে বড় সবাই।

মূলত চাষ প্রধান এলাকা এবং চাষের ফলন ভালো হওয়ার জন্য এখানে এই লক্ষ্মী পুজো চালু করা হয়। সেই থেকে পুজো চালু করা হয় যা আজও ঐতিহ্য পরম্পরা মধ্যে দিয়ে উৎসব পালন করা হয় এই গ্রামের প্রধান পুজো লক্ষ্মী দেবীর আরাধনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *