রাজেন রায়, কলকাতা, ৫ মার্চ: ভোট বাজারে রাজনৈতিক তিক্ততা ভুলে সাধারণ মানুষের মুখে ভোট রঙের মিষ্টির স্বাদ তুলে দিতে এবার সক্রিয় শহরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার।করোনার আবহে জনপ্রিয় হয়েছিল ইমিউনিটি সন্দেশ। সময়ের সঙ্গেই সেই স্বাদ বদলাচ্ছে বাঙালি। আপাতত বঙ্গের মিষ্টিতে এখন ভোটের স্বাদ-গন্ধ।

সাম্প্রতিক ট্রেন্ডের কথা মাথায় রেখে যে সন্দেশ তৈরি হচ্ছে, তার কোনওটিতে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, আবার কোনওটিতে হাসিমুখে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী। ভোটের আবহে হিট ‘খেলা হবে’ স্লোগান। রাজনীতির চালচিত্র ছাড়িয়ে এখন ড্রয়িং রুমে ঢুকে পড়েছে ‘খেলা হবে’। অন্যদিকে, বাংলার রাজনীতিতে জনপ্রিয়তার তুঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এবার এই দুই স্লোগাকে পুঁজি করেই খাস কলকাতায় তৈরি হল ‘খেলা হবে’-‘জয় শ্রীরাম’ সন্দেশ। অর্থাৎ, ভোটের বাংলায় এবার মিষ্টি মুখেও ‘খেলা হবে’।
মহানগরের প্রসিদ্ধ মিষ্টির দোকান বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকে শোকেশ এবার সেজেছে ‘খেলা হবে’-‘জয় শ্রীরাম’ সন্দেশে। সাদা-সবুজ রূপে সেজেছে ‘খেলা হবে’ সন্দেশ। আর ‘জয় শ্রীরাম’ মিষ্টির রূপ সাদা-কমলা। মিলছে এই সমস্ত মিষ্টির ভিন্নস্বাদও।

রামনবমী আসার কথা মাথায় রেখে এমনিতেই শোভা পাচ্ছে রামনবমী স্পেশাল কেক তৈরি করেছে বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক। তাতে দুর্গাপুজো করছেন শ্রীরামচন্দ্র। এই কেকের প্রতিটির দাম চারশো টাকা। বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকের কর্ণধার সুদীপ মল্লিকের কথায়, ‘ভোটের সময় এইসব মিষ্টির বিক্রি অনেকটাই বাড়ে। এবারও তার ব্যাতিক্রম নয়।’

