মমতা ঘনিষ্ঠ কেষ্টর মৃত্যু রামপুরহাটে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৪ ডিসেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠের। মৃত যুবকের নাম কৃষাণু দাস ওরফে কেষ্ট (৩১)। বাড়ি মুখ্যমন্ত্রীর মামার বাড়ি রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দলের বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিলেন কেষ্ট। চৌকিতে বসেই তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ২৯ জানুয়ারি কেষ্টর বিয়ের বৌভাত হয়। ওই দিন তাঁর বাড়ি কুসুম্বা গ্রামে এসে নবদম্পতিকে আশীর্বাদ করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কোটায় তিনি চাকরি পেয়েছিলেন তথ্য সংস্কৃতি দফতরে। রামপুরহাট মহকুমা তথ্য সংস্কৃতি দফতরে তিনি কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি যুব তৃণমূল কংগ্রেসের কুসুম্বা অঞ্চল সভাপতিও ছিলেন।

নীহার মুখোপাধ্যায় বলেন, “প্রতিদিন সকালে আমাদের বাড়িতে আসত। চা খেতে খেতে অনেক আলোচনা হত। সেই মতো এদিনও এসেছিল। চৌকিতে বসে গল্প করছিলাম। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কথা হচ্ছিল। কেষ্ট বলল এবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কেক দেব। বলতে বলতেই মাথা লটকে গেল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন”। তাঁর এক বছরের একটি শিশুপুত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *