স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: নতুন করে উত্তেজনা কালিয়াগঞ্জের সাহেবঘাটায়। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে চলল কাঁদানে গ্যাস। দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এদিন রণক্ষেত্রের চেহারায় নেয় এলাকা। পাশাপাশি এদিন মৃতার বাড়িতে যান বিজেপির এক প্রতিনিধি দলও।

প্রসঙ্গত, শুক্রবারের পর শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠলো কালিয়াগঞ্জের সাহেবঘাটা৷ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা৷ রাস্তার ওপর বেঞ্চ, বাঁশ ও লাঠি ফেলে অবরোধ করেন তারা। রাস্তায় জ্বালানো হয় আগুন। পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ঘরেও আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ক্রমশ উত্তাল হয়ে উঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশ বাহিনী৷ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়৷
অন্যদিকে কালিয়াগঞ্জ কান্ডে সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনা নিয়ে শীঘ্রই তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান। শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, চোপড়া, গাজোল থেকে শুরু করে কালিয়াগঞ্জ, একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটে চললেও নির্বিকার রাজ্য প্রশাসন। দিল্লির নির্ভয়া কাণ্ডে জড়িতদের ফাঁসি হয়েছে। অথচ রাজ্যে কোনো ধর্ষণের ক্ষেত্রেই অভিযুক্তদের সাজা হচ্ছে না বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। এদিকে রায়গঞ্জের বোগ্রামে অবস্থিত রায়গঞ্জ পুলিশ জেলার দফতরে ধর্ণায় বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল। এদিন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ দলের অন্যান্য বিধায়করা এই ধর্ণায় সামিল হন। সুকান্ত মজুমদার বলেন, ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ আত্মহত্যার তত্ত্ব খাঁড়া করছে।

এদিন দীর্ঘক্ষণ ধর্নার পরেও উচ্চপদস্থ কোনো পুলিশ কর্তা সেখানে উপস্থিত না হওয়ায় দফায় দফায় এসপি অফিসের দরজায় তালা মারার চেষ্টা করেন বিজেপি নেতারা। যাকে ঘিরে পুলিশের সাথে চলে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি। শেষমেশ পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বেড়িয়ে যায় বিজেপির প্রতিনিধি দল।

