আমাদের ভারত, ২০ মে: এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় পার্থকে পদত্যাগ করার নির্দেশ দেয় আদালত। বিচারপতি বলেন, তিনি শুনেছেন পোষা কুকুরের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের একটি ফ্ল্যাট আছে। সেই সব হিসাব আদালতে হলফনামা আকারে জমা দেওয়া হোক। মনে করা হচ্ছে দুর্নীতিতে অভিযুক্ত একজন রাজনীতিবিদের কত সম্পত্তি সেটা প্রকাশ্যে আনার চেষ্টা করছেন বিচারপতি।
এই শুনানি চলাকালে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “পার্থ চট্টোপাধ্যায় সম্পত্তি হিসেবে পেশ করা হোক। তার পোষা কুকুরের জন্য ফ্ল্যাট আছে। আমার কাছে ঠিকানা আছে। নাকতলায় ফ্ল্যাট আছে সেটা দ্বিতল তার হিসেব পেশ করা হোক। এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।” বিচারপতি আরও বলেন, যদি কোনোদিন সুযোগ হয়, তাহলে পুরো গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব চাইতে পারেন।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কি তারা কোথা থেকে টাকা পান?
তিনি জানান, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। তার কথায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতারা পদত্যাগ করেছেন লাল বাহাদুর শাস্ত্রী ৫৫ বছর আগে এর উদাহরণ স্থাপন করেছেন। বাংলা পারছে না?
এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, পার্থবাবু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। রবীন দেব এবং দিলীপ ঘোষের ভালো বন্ধু। কেন দৃঢ়তা দেখাতে পারছেন না তিনি? বিচারপতি প্রশ্ন তোলেন, “এসএসসির উপদেষ্টা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি এবং আপ্তসহায়ক ছিলেন। তারা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কেই রিপোর্ট করতেন। ফলে ঐ কমিটির বিষয়ে তিনি কিছুই জানতেন না, এটা আমি বিশ্বাস করি না।”
এরপর পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় সম্পত্তির হিসেব হলফনামা আকারে আদালতে দিতে পারবেন কিনা তার আইনজীবী কাছে প্রশ্ন তোলেন বিচারপতি। যার পরিপ্রেক্ষিতে আইনজীবী জানান, এ ব্যাপারে নির্দেশিকা হলে তা দেখা যেতে পারে।
এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে একের পর এক কড়া মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সব দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক এটা আমি চাই।

