TMC, Midnapur, জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরাকে শুভেচ্ছা, কলকাতা থেকে এলেন সাংসদ জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: অবশেষে মেদিনীপুরে উড়ল ‘সু-জয়’ নিশান। প্রায় ৩৪ হাজার (৩৩,৯৯৬) ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। জয়ের দিনে তাঁকে অভিনন্দন জানাতে কলকাতা থেকে ছুটে এলেন সাংসদ জুন মালিয়া। শনিবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ে পৌঁছে সুজয় হাজরাকে শুভেচ্ছা আর অভিনন্দন জানালেন সাংসদ। সঙ্গে ছিলেন সৌমেন খান, নেপাল সিংহ, সন্দীপ সিংহরাও।

অন্যদিকে, জেতার পর সুজয় হাজরা সাংবাদিকদের বলেন, বিধায়ক হিসেবে প্রাধান্য দেবেন মেদিনীপুর গ্রামীনের নদী ভাঙ্গন আর শহরের যানজট সমস্যা মোকাবিলায়। এছাড়াও, বিধানসভা এলাকায় একটি সরকার পোষিত ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা সহ এলাকার উন্নয়নে একাধিক অঙ্গীকার করেছেন তিনি।

সুজয় হাজরার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভজিৎ বলেন, “ছাব্বিশে লড়াই হবে চোখে চোখ রেখে।” সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই (ভোট পেয়েছেন প্রায় ১১ হাজার) আর কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ (ভোট পেয়েছেন প্রায় ৪ হাজার) তাঁরা বলেন, “পেশি শক্তি আর অর্থ শক্তির কাছে হেরে গেছি।” তাঁদের আরও দাবি, “উপনির্বাচন বলেই শাসক দলের জয়জয়কার।” মুচকি হেসে সুজয় হাজরা শুনিয়েছেন, “ছাব্বিশে ব্যবধান আরও বাড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *