আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ সেপ্টেম্বর: ২০১৫ সালে প্রাইমারি টেট পাস এবং ডিএলএড প্রশিক্ষিত ১২০০ চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে সোমবার বারাসতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান উত্তর ২৪ পরগনা জেলার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।

তাদের দাবি, রাজ্য প্রাথমিক স্কুলগুলি পঞ্চম শ্রেণি পর্যন্ত হয়েছে। সেখানে আরো নিয়োগের সুযোগ বেড়েছে। ফলে ২০১৫ সালের টেট উত্তীর্ণদের শিক্ষা মন্ত্রীর পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মত অবিলম্বে নিয়োগ করতে হবে। জেলা শাসকের দপ্তরের সামনে মিছিল করে এসে উত্তর ২৪ পরগনা জেলার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এদিন হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন, তারা অত্যন্ত কষ্টে আছে, এবার অন্তত রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে তাদের শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করুক রাজ্য সরকার।

