তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল সম্পর্কে বিস্ফোরক দাবি জিতেন্দ্র তেওয়ারির

জয় লাহা, দুর্গাপুর, ১৮ এপ্রিল: দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির জিতেন্দ্রনাথ তেওয়ারি। তিনি বলেন, বিজেপির প্রার্থী হওয়ার জন্য বিশ্বনাথ পাড়িয়াল ৮ বার বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন। রবিবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক দাবি করলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তেওয়ারি।

দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে বিশ্বনাথ পাড়িয়াল’কে। মাস ছয়েক আগে তিনি দলের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছিলেন। ওই সময় থেকে বিজেপিতে যোগ দেওয়ার একটা জল্পনা ছড়িয়েছিল। যদিও তিনি বিজেপিতে যোগ দেননি। রবিবার দুর্গাপুরে একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী। এদিন তিনি বলেন, “বিশ্বানাথ পাড়িয়ালের আশপাশে যারা ঘুরছে, তারা সকলে নিয়মিত যোগাযোগ করছে। তৃণমূলের সবাই তাঁর প্রচারে নামেনি। লোক দেখানোর জন্য নামছে, ছবি তোলার জন্য নামছে। আসলে কেউ চায় না বিশ্বনাথ জিতুক।”

তিনি বলেনন, “আমার বিজেপিতে যোগদানের পর, ৮ বার বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে বিশ্বনাথ পাড়িয়াল। দুর্গাপুর পশ্চিম আসনে বিজেপির প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু, বিজেপি স্পষ্ট বলে দিয়েছে, সেটা হবে না। পুরসভায় কাউন্সিলার প্রার্থীর জন্য ভাবা যেতে পারে।”

যদিও জিতেন্দ্র তেওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্বনাথ পাড়িয়াল বলেন, “যে তৃণমূল করত, তৃণমূলের প্রার্থী হয়েছে। যে বিজেপি করত সে পান্ডবেশ্বরে বিজেপির প্রার্থী হয়েছে। সিবিআই, ইডি থেকে বাঁচার জন্য, বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *