আমাদের ভারত, ২৮ নভেম্বর: শিবরাত্রি, জন্মাষ্টমী, রাখীবন্ধন, কোন উৎসবে ছুটি নেই। কিন্তু ইদের জন্য তিন দিনের ছুটি বরাদ্দ। বিহার সরকারের ছুটির তালিকা প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্কের ঝড় উঠেছে। নীতিশ কুমার সরকারকে তোপ দেগেছে বিজেপি নেতা সুশীল মোদী।
তাঁর কথায়, হিন্দু বিরোধী আচরণ করছে বিহার সরকার। গেরুয়া শিবিরের সাংসদ গিরিরাজ সিং বলেন, ইসলামিক রিপাবলিক ফর বিহার হয়ে উঠেছে রাজ্যটি। স্কুল পড়ুয়াদের জন্য ছুটির নয়া তালিকা প্রকাশ করেছে বিহার। নতুন তালিকা অনুযায়ী শিবরাত্রি, জন্মাষ্টমী, রাখী বন্ধন, তিজ, জিতিয়া কোনো উৎসবেই ছুটি পাবে না সরকারি স্কুলের পড়ুয়ারা।
এতদিন পর্যন্ত তিজ উৎসবে দু’দিন এবং জিতিয়ায় একদিন ছুটি থাকত বিহারে। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে বলা হয়, পড়ুয়ারা যেনো বছরে ২২০ দিন স্কুলে এসে পড়াশোনা করতে পারে, সেজন্য বেশ কয়েকটি ছুটি বাতিল করা হয়েছে। তবে ইদ উল ফিতর ও বকরি ইদ উপলক্ষে তিনদিন করে ছুটি দেওয়া হয়েছে।
বিহার সরকারেরই নির্দেশিকার পরে ক্ষোভে ফেটে পড়েন সে রাজ্যের বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তিনি বলেন, নীতিশ ও লালু সরকার মুসলিমদের উৎসবে ছুটি বাড়িয়ে হিন্দু উৎসবের ছুটি বাতিল করছে। এটা আসলে ইসলামিক রিপাবলিক অফ বিহার।
বিজেপি নেতা সুশীল মোদীর মতে, হিন্দুদের ভাবাবেগে আঘাত দিতে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ছুটি বাতিল করা হয়েছে। সুশীল মোদী আরো বলেন, ওরা ভাবছেন জাতিগতভাবে ভাগ করে দিয়ে হিন্দু ভোট ওরা পাবেন। আর মুসলিম অধ্যুষিত এলাকায় প্রতি শুক্রবার ছুটি দিয়ে মুসলিমদের মন জয় করবেন।
অন্যদিকে প্রবল সমালোচনার মুখে পড়ে নীতিশ কুমার ও বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, শবেবরাতের ছুটিও বাতিল করা হয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো আলোচনা নেই। ছুটি কেন বাতিল করা হয়েছে তা নিয়ে রাজনৈতিক তরজা না করে শিক্ষা দপ্তরের বিবৃতির জন্য অপেক্ষা করা উচিত বিজেপির।

