আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ আগস্ট: নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, এই পরিস্থিতিতে বেতন বাড়ে না ও সময় মত বেতন হয় না বলে অভিযোগ। এর প্রতিবাদে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় ও গার্লরা কর্মবিরতি রেখে আন্দোলনে নামলেন শুক্রবার। এ দিন সকাল থেকে হাসপাতালের মূল প্রবেশ পথে সামনে বিক্ষোভ দেখালেন কর্মীরা।
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রায় আড়াই’শো কর্মী ঠিকাদারের অধীনে আছেন। কারও বেতন সাত হাজার আবার অনেকে আট হাজার টাকা বেতন পান। সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় ও গার্ল আছেন। প্রতিমাসে ১০ তারিখের পরে তারা বেতন পান। আবার কখনো কখনো ১০ তারিখ পার হয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের দাবি, ছয় বছর আগে তারা কাজে যোগ দিয়েছিলেন। সেই সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, রান্নার গ্যাসের দাম যা ছিল এখন তা দুই থেকে তিন গুন হয়েছে। কিন্তু তাদের বেতন সামান্য বেড়েছে। এদিকে পর্যাপ্ত কর্মী নেই, অচথ কাজ বাড়ছে। নো ওয়ার্ক নো পে নিয়ম রয়েছে। এই পরিস্থিতিতে কর্মীরা সংসার চালাতে পাচ্ছেন না। বেতন বৃদ্ধি, সঠিক সময়ে বেতন ও কিছু ওয়ার্ডে কর্মী নিয়োগে দাবিতে এ দিনের আন্দোলন বলে জানালেন সোমা রায়।

আরও এক কর্মী পিংকি দাস বলেন, আমাদের কাজ প্রতিদিন বাড়ছে। বেতন বাড়ছে না। কি করব বাধ্য হয়ে কাজ করছি। প্রতিমাসে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। আমার চাই আমাদের দাবি পুরণ করা হোক। আন্দোলন যেন আর না করতে হয়।” হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস দিয়েছে, কর্মীদের দাবি ও সমস্যা নিয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলা হবে।”

