কৃষক আন্দোলন ঘিরে অশান্তি এড়াতে দিল্লির তিন সীমান্তে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের

আমাদের ভারত, ৩০ জানুয়ারি:কৃষক আন্দোলনকে নিয়ে অশান্তি এড়াতে দিল্লি সীমানায় ইন্টারনেট বন্ধ থাকবে দুদিন। প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে অশান্তির পর কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল কৃষক আন্দোলন। কিন্তু আবারও সেই আন্দোলন ঘুরে দাঁড়িয়েছে। দিল্লীর সীমান্তে আন্দোলনকারীদের সাথে যোগ দিতে আসছে শিরোমনি অকালি দল ও ভারতীয় কৃষক ইউনিয়নে সদস্যরা। ফলে দিল্লি সীমান্তে আবার তৈরি হয়েছে উত্তেজনা। আর‌ সেই কথা মাথায় রেখেই দিল্লি সীমান্তে সাময়িকভাবে ইন্টারনেট সার্ভিস বন্ধ করল কেন্দ্রীয় সরকার।

দিল্লির সিঙ্ঘু, টিকরি,গাজীপুর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার রাত এগারোটা থেকে রবিবার রাত ১১টা পর্যন্ত ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

এদিকে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ দিল্লির বিভিন্ন সীমান্তে একদিন অনশন করছেন আন্দোলনকারী কৃষকরা। এনিয়ে কৃষক আন্দোলনের নেতা দর্শন পাল জানিয়েছেন, কৃষকদের আন্দোলনে শান্তিপূর্ণ ছিল এবং তা শান্তিপূর্ণই থাকবে। যেসব কর্মসূচি নেওয়া হয়েছে তা শান্তি ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *