আমাদের ভারত, ১১ জুন:শুক্রবার সন্ধ্যা থেকে আগামী সোমবার সকাল ছটা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। একটি বিবৃতি দিয়ে স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন হাওড়ার সাম্প্রতিক অস্থিরতা সামাল দিতেই এই পদক্ষেপ করা হলো।
জানা গেছে, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি আইন-শৃংখলার তরফ এই বিষয়ে পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছিল। তারপরে এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছে হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া রেল পুলিশের আওতাভুক্ত জেলার সমস্ত এলাকাতেই এই সিদ্ধান্ত বলবৎ হবে। শুক্রবার সন্ধ্যা সাতটার সময় নির্দেশ দেওয়া হয়।
নবি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকায় রাস্তা অবরোধ করা হয়। যার ফলে জাতীয় সড়কের উপর আটকে পড়ে কয়েক হাজার গাড়ি। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হয় অবরোধ। টায়ার জ্বালিয়ে কুশপুত্তলিকা পুড়িয়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এরফলে নাজেহাল অবস্থার মধ্যে পড়েন নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও অবরোধ ওঠেনি ওইদিন।
রাত এগারোটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শুক্রবার ফের অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। হাওড়া একাধিক এলাকায় রেল অবরোধের জেরে হাওড়া খড়গপুর শাখায় দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকে। উলুবেড়িয়ায় মনসা তলায় বিজেপির গ্রামীন অফিস ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ। বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ডোমজুড় থানাতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ধুলাগরে উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছালে অবরোধকারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের ছড়ায় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিও, সামাল দিতে নামানো হয় র্যাফ। এরপর গুজব ছড়ানো আটকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেয় নবান্ন।

