শিশুদের খিচুড়িতে কিলবিল করছে পোকা! দিদির দূতকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ালেন শিশুর মায়েরা

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ১৯ জানুয়ারি: শিশুদের খিচুড়িতে কিলবিল করছে পোকা। দিদির দূত গ্রামে যেতেই ঘিরে ধরে ক্ষোভ উগড়ালেন শিশুর মায়েরা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি বংশীহারী ব্লকের পাথরঘাটা মরাপারা এলাকার। সুরক্ষা কবচ নিয়ে দিদির দূত খোদ জেলাপরিষদের সভাধিপতিকে হাতের কাছে পেয়ে এমন নিকৃষ্টতর খাবার নিয়ে ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকেই সিডিপিও’কে ফোন করে অভিযোগ জানান সভাধিপতি লিপিকা রায়। একইসাথে সমস্যার সমাধান নিয়ে আশ্বস্থও করা হয়েছে শিশুর মায়েদের।

জানা গেছে, বংশীহারি ব্লকের মরাপারা আইসিডিএস সেন্টার থেকে বিগত বেশকিছুদিন ধরে যে খাবার দেওয়া হচ্ছিল তা অতি নিম্নমানের। শিশুদের দেওয়া খিচুড়িতে কিলবিল করছে পোকা, এমনটাই অভিযোগ গ্রামের মহিলাদের। বারবার এব্যাপারে দিদিমণিদের জানানো হলেও কোনো কর্ণপাতই করেননি তারা। উলটে তাদের সাথে বচসায় জড়িয়েছে। এদিন এলাকায় দিদির দূত খোদ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়কে দেখতে পেয়েই একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান শিশুর মায়েরা। সঠিক খাবার শিশুদের দেওয়া হোক এমন দাবিও তোলা হয় তাদের তরফে।

বিক্ষোভরত এক শিশুর মা পিউ সিংহ বলেন, বাচ্চার খাবারের মধ্যে কিলবিল করছে পোকা। বহুবার জানালেও দিদিমণিরা কর্ণপাত করেননি। এদিন এলাকায় সভাধিপতিকে পেয়ে ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন। তারা চান শিশুদের খাবার সঠিক দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *