আমাদের ভারত, মালদা, ১৫ মার্চ: ভারত-বাংলাদেশ যৌথ আলোচনা সভার আয়োজন করল মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি আরও উন্নত করতে দুই দেশের মধ্যে এই যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল দু’দেশের মধ্যে এই আলোচনা সভা।
উপস্থিত ছিলেন, বাংলাদেশের পানামা বন্দর এবং ভারতের মহদীপুর স্থলবন্দরের আমদানী ও
রপ্তানীকারকরা। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন, বাংলাদেশের আমদানিকারক আতাউর রহমান রাজু,
দেবাশীষ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাস্টম মালদা, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, কার্যকরী সভাপতি ফজলুল হক, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল, রপ্তানিকারক হৃদয় ঘোষ, সজল ঘোষ সহ অন্যান্য।

জানা যায় এদিন ভারত-বাংলাদেশ যৌথ আলোচনা সভায় আমদানি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। বাংলাদেশ থেকে খালি গাড়িগুলি যাতে ভারতীয় সময় সকাল সাড়ে আটটার মধ্যে ভারতে ফিরে আসে, বাংলাদেশ থেকে খালি গাড়ি বেরিয়ে আসার জন্য আলাদা রাস্তা অবিলম্বে তৈরি করতে হবে, ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি কর্তৃপক্ষকে আরো দ্রুত গাড়ি ছাড়তে হবে, বাংলাদেশে পণ্য বোঝাই গাড়ি প্রবেশ করার ৪৮ ঘণ্টার মধ্যে গাড়ি খালি করে ভারতে পাঠাতে হবে, দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য আরো উন্নতি করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই বিষয়ে মালদা কাস্টমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশীষ মুখার্জি জানান, মহদীপুর স্থলবন্দর দিয়ে আরো বেশি করে ব্যবসা-বাণিজ্য উন্নতি করা তা নিয়েই মূলত দুই দেশের যৌথ আলোচনা সভা।
অন্যদিকে এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আরো উন্নতি করার লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো উন্নতি করার লক্ষ্যে বেশকিছু দাবি-দাওয়া, সমস্যা এবং কিভাবে তা সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

